সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু, বাড়ি ফেরা হলো না রুহুল আমীনের
রাকিবুল হাসান ফরহাদঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের মাগুর জোড়া গ্রামের দরিদ্র পরিবারের সন্তান রুহুল আমীন (২৮) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দীর্ঘ ৭ বছর প্রবাস জীবন শেষে পরিবারের টানে দেশে ফেরার প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত আর ফেরা হলো না এই প্রবাসী যুবকের।

সৌদি আরবের আই সি ও তে রুহুল আমিন
পারিবারিক সূত্রে জানা যায়, রুহুল আমীন ২০১৯ সালে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে একটি রিক্রুটমেন্ট কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি। সম্প্রতি ছুটি নিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন এবং গত মাসের ১৪ তারিখে তার দেশে ফেরার কথা ছিল।
কিন্তু গত ১০ তারিখে সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।

সড়ক দুর্ঘটনায় আহত রুহুল আমিন
পরে তাকে উদ্ধার করে আল খারিজের কিং খালিদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চলতি মাসের ৩১ মার্চ বিকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রুহুল আমীন ছিলেন জয়নাল আবেদীনের ৬ ছেলের মধ্যে চতুর্থ। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম।
স্থানীয়রা জানান, রুহুল আমীন ছিলেন অত্যন্ত ভদ্র ও পরিশ্রমী। পরিবারের স্বচ্ছলতা ফেরাতে দীর্ঘদিন প্রবাসে কঠোর পরিশ্রম করেছেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে প্রিয়জনদের কাছে আর ফেরা হলো না তার।
পরিবারের পক্ষ থেকে দ্রুত মরদেহ দেশে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।
Leave a Reply