তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান
ত্রিশাল হেল্প সেন্টার আন্তর্জাতিক আপডেট :
জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি তিনটি আরব দেশের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপন করেছেন। তিনি জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে এ অভিযোগ জানান।
চিঠিতে ইরান দাবি করেছে, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানোর সুযোগ দিয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সামরিক আগ্রাসনের সময় এসব দেশ আক্রমণকারীদের সহযোগিতা করেছে বলে অভিযোগ করা হয়।
ইরান জানায়, গত ৩, ৭, ৯ এবং ১৬ মার্চ পাঠানো আগের চিঠিগুলোর ধারাবাহিকতায় এই নতুন অভিযোগ আনা হয়েছে। তাদের মতে, এ ধরনের সহযোগিতা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এর ফলে ইরানের বহু বেসামরিক নাগরিক ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, আত্মরক্ষার অধিকার অনুযায়ী যেসব সামরিক ঘাঁটি বা স্থাপনা থেকে ইরানের ওপর হামলা চালানো হচ্ছে বা সহায়তা দেওয়া হচ্ছে, সেগুলো বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে বেসামরিক ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজনীয় ও আনুপাতিক ব্যবস্থা নেওয়ার অধিকারও সংরক্ষণ করছে ইরান।
ইরান দাবি করে, তারা সবসময় পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চেয়েছে। কিন্তু সংশ্লিষ্ট তিন দেশ সেই নীতির প্রতি সম্মান দেখায়নি এবং যুক্তরাষ্ট্র–কে তাদের ভূখণ্ড ব্যবহার করে হামলার সুযোগ দিয়েছে।
বিশেষ করে কাতারের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে ক্ষতিপূরণ দাবিও জানিয়েছে ইরান। একই সঙ্গে চিঠিটিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দাপ্তরিক নথি হিসেবে অন্তর্ভুক্ত করার অনুরোধ করা হয়েছে।
সূত্র: মেহের নিউজ 🌍
Leave a Reply