ভারতকে জবাব দিতে ‘পূর্ণ ক্ষমতা পেল’ পাকিস্তান সেনাবাহিনী
ত্রিশাল হেল্প সেন্টার ডেস্ক | ৭ মে ২০২৫ | আন্তর্জাতিক
পাকিস্তানের সার্বভৌমত্বের উপর ভারতের বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকে ‘নগ্ন লঙ্ঘন’ এবং ‘অকারণ যুদ্ধ ঘোষণা’ হিসেবে আখ্যা দিয়ে ভারতকে জবাব দিতে সেনাবাহিনীকে পূর্ণ সামরিক ক্ষমতা দিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (NSC)।
মঙ্গলবার রাতের ওই হামলার পর বুধবার ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, ভারত পরিকল্পিতভাবে আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের সাধারণ জনবসতি, এমনকি মসজিদ ও বাড়িঘরে হামলা চালায়, যাতে বহু নিরীহ নারী-পুরুষ ও শিশুর প্রাণহানি ঘটে।
বিবৃতিতে আরও বলা হয়, এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এই উত্তেজনার দায়ভার পুরোপুরি ভারতের। পাকিস্তান জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে বলেও জানানো হয়।
কমিটি জানায়, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ইতোমধ্যেই পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করেছে, এবং এই সাহসিকতার জন্য সেনাবাহিনীর প্রশংসা করা হয়।
এদিকে পাকিস্তানি কর্তৃপক্ষ দাবি করেছে, ভারতীয় হামলায় ২৬ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে কমপক্ষে ১০ জন নিহত এবং বহু আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পাকিস্তান শান্তি চায় তবে তা মর্যাদার সঙ্গে, এমন বার্তা দিয়ে NSC আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারতকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে।
সংবাদ বিভাগ
ত্রিশাল হেল্প সেন্টার
Leave a Reply