ভারত-পাকিস্তান উত্তেজনা: জাতিসংঘে রুদ্ধদ্বার বৈঠক, শান্তির আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৫ মে ২০২৫ | প্রিন্ট সংস্করণ
কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যকার চরম উত্তেজনার প্রেক্ষাপটে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পরিষদের সদস্যরা উভয় পক্ষকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান এবং সরাসরি সংলাপে বসার তাগিদ দেন।
১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের এই বৈঠকে স্থায়ী ও অস্থায়ী সব দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। যদিও বৈঠক শেষে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি, পাকিস্তান দাবি করেছে—তাদের উত্থাপিত অধিকাংশ লক্ষ্য পূরণ হয়েছে।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পহেলগাঁওয়ে হামলার নিন্দা জানিয়ে বলেন, “এই হামলার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করা উচিত।” তিনি বলেন, “সামরিক সংঘর্ষ কোনো সমাধান নয়। ভারত ও পাকিস্তান—উভয় দেশকে সংযম দেখিয়ে শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান করতে হবে।”
পাকিস্তানের অনুরোধেই জরুরি ভিত্তিতে এ বৈঠক ডাকা হয় বলে জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। বৈঠকে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার বলেন, “কাশ্মীর ইস্যু ভারতের সঙ্গে ৭০ বছরের দীর্ঘ বিরোধ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তান ভারতের একতরফা পদক্ষেপের বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছে।”
তিনি জানান, “পাকিস্তান সবসময় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় প্রস্তুত।” দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাশ্মীর সমস্যার টেকসই সমাধানের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা আন্তর্জাতিক পরিসরে যে গুরুত্ব পাচ্ছে, তা শান্তি প্রতিষ্ঠায় একটি ইতিবাচক ইঙ্গিত। তবে বাস্তব সমাধানের জন্য দুই দেশের মধ্যে প্রত্যক্ষ সংলাপ এবং আস্থার পরিবেশ তৈরি করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
Leave a Reply