ইসরাইলের অবরোধে গাজায় ৫৭ ফিলিস্তিনির অনাহারে মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৫ | প্রিন্ট সংস্করণ
গাজা উপত্যকায় ইসরাইলি অবরোধের কারণে অন্তত ৫৭ জন ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন। দুই মাসেরও বেশি সময় ধরে চলা এই অবরোধে ত্রাণ সহায়তা পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে কাতার। খবর: আলজাজিরা।
কাতার জানিয়েছে, ইসরাইলের বক্তব্যে রাজনৈতিক ও নৈতিক দায়বদ্ধতার চরম ঘাটতি রয়েছে। দেশটি ইসরাইলকে একটি পক্ষ বেছে নেওয়ার আহ্বান জানিয়ে বলেছে—তারা কি সভ্যতার পক্ষে, না কি হামাসের নামে চালানো বর্বরতার?
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক্স (সাবেক টুইটার)-এ বলেন, গাজার জনগণ আধুনিক সময়ের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি। এই বিপর্যয়কে ‘সভ্যতা রক্ষা’ বলে চালিয়ে দেওয়া সেই সব দমনপীড়ক শাসকদের কৌশলের পুনরাবৃত্তি, যারা নিরীহ বেসামরিক মানুষ হত্যাকে ন্যায্যতা দিতে ইতিহাসকে ব্যবহার করেছে।
সমুদ্রে আটকে ত্রাণবাহী জাহাজ, নেই আন্তর্জাতিক সহায়তা
ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাল্টার উপকূলে একটি ড্রোন হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয় এবং এখন তা নিরাপদ বন্দরে ভিড়তে পারছে না। এতে থাকা চার স্বেচ্ছাসেবক সামান্য আহত হয়েছেন। তবে জাহাজে বিদ্যুৎ নেই, এবং যেকোনো সময় আরেকটি হামলার শঙ্কায় দিন কাটাচ্ছেন তারা।
সংগঠনটির সদস্য ও অভিনেত্রী নিকোল জেনেস বলেন, “কেউ সাহায্য করছে না। আমরা বিশ্বের কাছে আমাদের ক্রুদের রক্ষা করতে অনুরোধ করছি।” তিনি জানান, মাল্টিজ কর্তৃপক্ষ জাহাজে পৌঁছাতে চাওয়া স্বেচ্ছাসেবকদের আটকানোর হুমকি দিয়েছে।
গাজায় মানবিক বিপর্যয়
সাহায্য সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে, গাজায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। খাদ্যাভাব চরমে পৌঁছেছে, এবং আইনের শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আগের তুলনায় এবার লুটপাটের ঘটনা কম সংগঠিতভাবে এবং শহরাঞ্চলেও ঘটছে।
প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্চে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল করার পর থেকে গাজায় ত্রাণ সহায়তা প্রবেশে বাধা দিয়ে আসছে ইসরাইল।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (UNRWA) জানিয়েছে, গাজা সিটির অফিসে হাজার হাজার মানুষ ঢুকে পড়ে ওষুধ খেয়ে ফেলায় তাদের কর্মীদের সরিয়ে নিতে হয়েছে। সংস্থাটির জরুরি বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা লুইস ওয়াটারিজ বলেন, “এই ঘটনা দীর্ঘ বঞ্চনার প্রতিক্রিয়া—মানবিক দুর্দশার সরাসরি প্রতিফলন।”
Leave a Reply