কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত, বাংলাদেশের তীব্র
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন বলে নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে। মঙ্গলবার বিকালে এই হামলা ঘটে। জঙ্গল থেকে বেরিয়ে আসা বন্দুকধারীরা পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় বলে জানানো হয়েছে।
এ হামলার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। আমরা এ জঘন্য হামলার তীব্র নিন্দা জানাই। আমরা আবারও নিশ্চিত করছি যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান সবসময় দৃঢ়।”
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই হামলার নিন্দা জানিয়ে একে ‘জঘন্য কাজ’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি হামলাকারীদের দ্রুত বিচারের মুখোমুখি করার আশ্বাস দেন।
এদিকে, প্রতিবেশী দেশ পাকিস্তান থেকেও এই হামলার নিন্দা জানানো হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিও নিউজকে বলেন, “অবৈধভাবে দখলকৃত জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তান উদ্বিগ্ন। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”
কাশ্মীরের পেহেলগামে এই হামলার ঘটনায় পুরো উপত্যকায় আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং হামলাকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
Leave a Reply