উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলায় জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাস
হেল্প সেন্টার আন্তর্জাতিক আপডেট
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের হামলার নিন্দা জানিয়ে তা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এ বিষয়ে নিরাপত্তা পরিষদে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাস হয়েছে, যেখানে ইরানের সামরিক তৎপরতাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং বিশ্বশান্তির জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বুধবার (১১ মার্চ) ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের মধ্যে ১৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। কোনো দেশ বিপক্ষে ভোট দেয়নি। তবে চীন ও রাশিয়া ভোটদান থেকে বিরত থাকে।
প্রস্তাবটি স্পন্সর করেছিল উপসাগরীয় কোঅপারেশন কাউন্সিল এবং বিশ্বের ১৩৫টির বেশি দেশ এতে সহ-স্পন্সর হিসেবে সমর্থন জানিয়েছে। এটিকে নিরাপত্তা পরিষদের ইতিহাসে সবচেয়ে বেশি দেশ দ্বারা সমর্থিত প্রস্তাবগুলোর একটি বলে উল্লেখ করা হয়েছে।
প্রস্তাবে ইরানের হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের বন্দর ও জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বন্ধ করারও দাবি জানানো হয়েছে।
এছাড়া বিশেষভাবে বলা হয়েছে, বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি–তে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটে এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। এই জলপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। এটি বন্ধ হয়ে গেলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
তবে বিশ্লেষকদের মতে, প্রস্তাবটি কিছুটা একতরফা হয়েছে। কারণ এতে ইরানের বিরুদ্ধে অভিযোগ উল্লেখ থাকলেও ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার বিষয়ে কোনো নিন্দা জানানো হয়নি।
এদিকে ইরানের দাবি, তারা কোনো স্বাধীন রাষ্ট্রের ওপর হামলা চালাচ্ছে না; বরং উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও লক্ষ্যবস্তুতেই আঘাত হানছে। 🌍
Leave a Reply