মুসলিম বিশ্বকে বিশেষ বার্তা মুফতি তাকি উসমানির
হেল্প সেন্টার আন্তর্জাতিক আপডেট
বিশ্বখ্যাত ইসলামী স্কলার ও পাকিস্তানের বরেণ্য আলেম মুফতি তাকি উসমানি মুসলিম বিশ্বের প্রতি বিশেষ বার্তা দিয়ে শিয়া–সুন্নি বিভেদ উসকে না দিয়ে আগ্রাসী শক্তির মোকাবিলায় মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি পাকিস্তানের করাচির একটি দারুল উলুমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঐক্য বজায় রাখা। যদিও ইরানের অধিকাংশ মানুষ শিয়া মতের অনুসারী এবং এ বিষয়ে মতভেদ রয়েছে, তবুও কোন সময়ে কী বলা উচিত তা বিবেচনা করা জরুরি। এখন শিয়া–সুন্নি বিরোধ উসকে দেওয়ার সময় নয় বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর হামলা করেছে আকিদাগত মতভেদের কারণে নয়, বরং একজন মুসলিম নেতাকে মুসলিম বিশ্বের প্রতিনিধি হিসেবে দেখা হতো বলেই তার ওপর আক্রমণ হয়েছে। তাই এই পরিস্থিতিতে মুসলিম বিশ্বের উচিত ঐক্যবদ্ধ থাকা এবং একে অপরের পাশে দাঁড়ানো।
বক্তব্যে তিনি আরও বলেন, গত কয়েক দিনে মুসলিম উম্মাহ একটি ভয়ঙ্কর ফিতনার মুখোমুখি হয়েছে। আলোচনার প্রক্রিয়া চলমান থাকা সত্ত্বেও হঠাৎ করে ইরানের ওপর হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর আচরণের কঠোর সমালোচনা করে তিনি বলেন, বর্তমানে বিশ্বে এক ধরনের বৈশ্বিক গুন্ডামির পরিবেশ তৈরি হয়েছে, যেখানে শক্তিশালী রাষ্ট্রগুলো নিজেদের ইচ্ছামতো অন্য দেশের ওপর হামলা চালানোর চেষ্টা করছে।
তিনি মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানিয়ে বলেন, মুসলমানদের নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দুর্বল করে দেওয়াই শত্রুদের লক্ষ্য। তাই এই সময়ে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা অত্যন্ত জরুরি।
শেষে তিনি বলেন, যদি পুরো মুসলিম উম্মাহ এক হয়ে যায়, তাহলে কোনো শক্তিই তাদের ক্ষতি করতে পারবে না। তাই তিনি আল্লাহর কাছে দোয়া করেন, যেন মুসলমানদের এই ফিতনা থেকে মুক্তি দেন এবং মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠা করেন। 🌍
Leave a Reply