পিরোজপুরে বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ এর হামলা, আহত ৫
সংবাদ:ত্রিশাল হেল্প সেন্টার
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত প্রায় ৯টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের বাজার এলাকায় পঞ্চায়েত বাড়ির ব্রিজ সংলগ্ন স্থানে এ হামলার ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার।
আহতরা হলেন— মো. নজরুল ইসলাম ফকির (৫৫), জাহিদ হোসেন (৩৮), মো. নাহিদ হোসেন (১৮), নাছির উদ্দীন ফকির (৫০) ও নাইম হোসেন (২৮)। স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে ডাকচিৎকার শুনে তারা ঘটনাস্থলে গিয়ে আহতদের রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাদের ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত জাহিদ হোসেন ও নাছির উদ্দীন ফকির অভিযোগ করেছেন, হামলায় নেতৃত্ব দেন পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন টুকু, তার ছেলে রায়হান, টুকুর ভাই যুবলীগ নেতা আলাউদ্দিনসহ ৮–১০ জন। তাদের দাবি, বিএনপি করার জেরে প্রতিশোধমূলকভাবে এ হামলা চালানো হয়েছে।
তবে অভিযুক্ত নাসির উদ্দীন টুকু অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি মারামারি থামাতে গিয়েছিলেন এবং নিজেও আহত হয়েছেন। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে।
—ত্রিশাল হেল্প সেন্টার
Leave a Reply