এলপিজি নিয়ে সুখবর দিলো সরকার
ত্রিশাল হেল্প সেন্টার | জাতীয়
দেশের এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সংকট মোকাবিলায় সরকার নতুন উদ্যোগ নিয়েছে। সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এলপিজি আমদানির জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, এলপিজি আমদানির মাধ্যমে বাজারে সরবরাহ বাড়ানো হবে এবং এতে দাম নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যাবে। ইতোমধ্যেই বিপিসিকে প্রক্রিয়া শুরু করার মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে এবং শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে।
এর আগে ১০ জানুয়ারি বিপিসি মন্ত্রণালয়কে জানায়, দেশের এলপিজি বাজার পুরোপুরি বেসরকারি খাতনির্ভর হওয়ায় সংকটকালীন সময়ে সরকারের সরাসরি হস্তক্ষেপের সুযোগ খুবই সীমিত। ফলে সরবরাহ কমে গেলে বা কৃত্রিম সংকট সৃষ্টি হলে সরকার কার্যকর ব্যবস্থা নিতে পারে না।
এই বাস্তবতায় সরকার বিপিসিকে এলপিজি আমদানির অনুমতি দিয়ে বাজারে সরবরাহ বাড়ানো ও ভারসাম্য রক্ষার সিদ্ধান্ত নিয়েছে। আশা করা হচ্ছে, এই উদ্যোগের ফলে এলপিজির সংকট লাঘব হবে, দাম স্থিতিশীল থাকবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।
Leave a Reply