ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর, কমবে মোবাইলের দাম
ডেস্ক রিপোর্ট | ত্রিশাল হেল্প সেন্টার
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬
মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ফোন আমদানিতে শুল্ক ৬০ শতাংশ কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) এনবিআর দুটি পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করে। এর ফলে আমদানিকৃত মোবাইল ফোনের বাজারমূল্য উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।
এনবিআর জানায়, শুল্ক হ্রাসের ফলে দেশীয় মোবাইল ফোন সংযোজন শিল্প যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে, সে লক্ষ্যে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোর উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আমদানি শুল্ক প্রায় ৫০ শতাংশ হ্রাস পেল।
এনবিআরের হিসাব অনুযায়ী, নতুন শুল্ক কাঠামোর ফলে ৩০ হাজার টাকার বেশি মূল্যের আমদানিকৃত প্রতিটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা কমবে। একইসঙ্গে ৩০ হাজার টাকার বেশি মূল্যের দেশে সংযোজিত প্রতিটি মোবাইল ফোনের দাম আনুমানিক ১ হাজার ৫০০ টাকা হ্রাস পাবে।
এনবিআর আরও জানায়, মোবাইল ফোন আমদানি ও সংযোজন শিল্পের উপকরণ আমদানিতে উল্লেখযোগ্য শুল্ক কমানোর ফলে সব শ্রেণির মোবাইল ফোনের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। এতে করে ডিজিটাল সেবা গ্রহণ আরও সহজ হবে এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সেবায় মানুষের অংশগ্রহণ বাড়বে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মোবাইল ফোনের দাম সহনীয় রাখতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply