তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল, ইসিতে আপিলের ঘোষণা
ত্রিশাল হেল্প সেন্টার ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬
ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা।
মনোনয়নপত্র বাতিলের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাসনিম জারা। তিনি জানান, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু যাচাই-বাছাই শেষে তা গৃহীত হয়নি। বিষয়টি নিয়ে তিনি ইতোমধ্যে আপিলের প্রক্রিয়া শুরু করেছেন বলে জানান।
নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে তাসনিম জারা বলেন, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুযায়ী মোট ভোটারের এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে হয়। তিনি নির্ধারিত সংখ্যার চেয়েও বেশি স্বাক্ষর জমা দিয়েছিলেন। তবে দৈবচয়ন পদ্ধতিতে ১০ জন ভোটারের তথ্য যাচাই করা হলে ৮ জনের তথ্য সঠিক পাওয়া যায় এবং বাকি ২ জন অন্য আসনের ভোটার হিসেবে শনাক্ত হন।
তিনি আরও বলেন, ওই দুইজনের মধ্যে একজন জানতেনই না যে তিনি ঢাকা-৯ আসনের ভোটার নন। অপরজনের কাছে থাকা জাতীয় পরিচয়পত্রের হার্ড কপিতে ঠিকানা অনুযায়ী তিনি নিজেকে ঢাকা-৯ আসনের ভোটার বলে জানতেন। তবে নির্বাচন কমিশনের ডাটাবেজে ভিন্ন তথ্য পাওয়া গেছে।
এর আগে গত ২৯ ডিসেম্বর তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি মনোনয়নপত্র জমা দিতে পারার বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। তিনি জানান, কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী না হয়ে সরাসরি জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করাই তার লক্ষ্য।
Leave a Reply