বর্জ্য পোড়ানোর ছবি পাঠালে মিলবে পুরস্কার
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
ত্রিশাল হেল্প সেন্টার
দেশের বায়ুদূষণ কমাতে যত্রতত্র বর্জ্য পোড়ানো বন্ধে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে বর্জ্য পোড়ানোর ছবি ও তথ্য পাঠানোর আহ্বান জানানো হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রতি মাসে সেরা ১০টি ছবি পাঠানো ব্যক্তিকে পুরস্কৃত করা হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যানবাহনের ধোঁয়া, ইটভাটা, শিল্পকারখানার নির্গমন এবং বর্জ্য পোড়ানোর কারণে দেশের বায়ুর মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে শ্বাসতন্ত্রসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়ুদূষণের অন্যতম প্রধান উৎস হিসেবে বর্জ্য পোড়ানো চিহ্নিত হওয়ায় এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য যেসব স্থানে বর্জ্য পোড়ানো হয়, সেসব এলাকার সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করা হবে।
নাগরিকদের অনুরোধ করা হয়েছে—বর্জ্য পোড়ানোর ছবি ই-মেইলে পাঠাতে। ছবি পাঠানোর সময় প্রেরকের নাম, মোবাইল নম্বর, ছবির স্থান ও সময় উল্লেখ করা বাধ্যতামূলক।
প্রাপ্ত ছবিগুলো যাচাই-বাছাই করে প্রতি মাসে সেরা ১০টি ছবি নির্বাচন করে পুরস্কৃত করা হবে। সরকারের এই উদ্যোগ পরিবেশ সুরক্ষায় জনগণের অংশগ্রহণ বাড়াবে এবং বায়ুদূষণ রোধে ইতিবাচক ভূমিকা রাখবে।
Leave a Reply