ভোটের আগে ও পরে পাঁচদিন মাঠে থাকবেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
স্টাফ রিপোর্ট | ত্রিশাল হেলথ সেন্টার
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৬:১৮
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচন-পূর্ব ও নির্বাচন-পরবর্তী সহিংসতা রোধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সিদ্ধান্ত অনুযায়ী, ভোটের আগে ও পরে মোট পাঁচদিন মাঠে থাকবেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা।
সোমবার (২২ ডিসেম্বর) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইসির সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা জানান, নির্বাচন-পূর্ব অনিয়ম প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোটগ্রহণের দুই দিন আগে থেকে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব আগামী ২৯ ডিসেম্বর কমিশনের বৈঠকে উপস্থাপন করা হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Leave a Reply