৩৬ বাংলাদেশিকে ভারতীয় নাগরিকত্ব দিয়েছে ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ | ০৯:৩৫ পিএম
ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় ৩৬ জন বাংলাদেশি নাগরিককে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ওড়িশা রাজ্যে ৩৫ জন এবং আসাম রাজ্যে একজন বাংলাদেশি নাগরিকত্ব লাভ করেছেন।
ওড়িশা রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন নাগরিকদের হাতে নাগরিকত্বের সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বলেন, “সিএএ আইন নির্যাতিত সংখ্যালঘুদের জন্য নিরাপত্তা ও আশ্রয়ের প্রতীক।”
সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, ২০১৯ সালে প্রণীত সিএএ অনুযায়ী গত বৃহস্পতিবার বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেওয়া ৩৫ জন অভিবাসীকে নাগরিকত্বের সনদ দেওয়া হয়েছে। এর ফলে ওড়িশা রাজ্যে সিএএ আইনের আওতায় নাগরিকত্ব পাওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১ জনে।
ওড়িশা সরকারের জনশুমারি দপ্তরের তথ্য অনুযায়ী, সদ্য নাগরিকত্বপ্রাপ্ত ৩৫ জনই হিন্দু ধর্মাবলম্বী। বর্তমানে রাজ্যটিতে আরও প্রায় ১ হাজার ১০০টি আবেদন যাচাই-বাছাইয়ের বিভিন্ন পর্যায়ে রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১১ মার্চ থেকে কার্যকর হওয়া বিধি অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করা অমুসলিমরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। এই বিধির আওতাতেই ওড়িশায় নতুন করে নাগরিকত্ব প্রদান করা হয়েছে।
Leave a Reply