উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
মেডিকেল বোর্ডের পরামর্শে যুক্তরাজ্যে উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় নামার পর যে কোনো সময় তিনি লন্ডনের উদ্দেশে রওনা করবেন।

বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী জানান, কাতার এয়ার অ্যাম্বুলেন্স টেকনিক্যাল কারণে পৌঁছাতে কিছুটা দেরি হচ্ছে। বিকল্প আরও কয়েকটি অ্যাম্বুলেন্সের সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে।
শুক্রবার সকাল ১০টার মধ্যে তার বড় পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ঢাকায় পৌঁছে এভারকেয়ার হাসপাতালে শাশুড়ির কাছে যাবেন এবং তার সঙ্গে লন্ডনে সফর করবেন। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হবে।
এভারকেয়ার হাসপাতাল থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর নিরাপত্তায় হেলিকপ্টারে তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হবে। বিমানবন্দর এলাকায় ইতোমধ্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

যারা সঙ্গে যাচ্ছেন
খালেদা জিয়ার সঙ্গে দুই পুত্রবধূসহ মোট ১৫ জন সফরসঙ্গী থাকবেন—যাদের মধ্যে রয়েছেন দেশি-বিদেশি কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক, ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারী এবং এসএসএফ সদস্যরা।
চিকিৎসকদের পর্যবেক্ষণ
মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার ফুসফুসের সংক্রমণ কিছুটা উন্নতির দিকে। তবে হৃদযন্ত্রসহ অন্যান্য জটিলতা এখনও রয়ে গেছে। বুধবার রাতে যুক্তরাজ্য ও চীনের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে পরীক্ষা-নিরীক্ষা করেন।
মাত্র ১৩ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ধর্মমন্ত্রণালয়ের ঘোষণা
খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় শুক্রবার দেশের সব মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া এবং সব মন্দির, গির্জা ও প্যাগোডায় প্রার্থনার আয়োজনের নির্দেশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
Leave a Reply