স্টাফ রিপোর্টার | কক্সবাজার | ১৯ জুলাই ২০২৫, শনিবার
চকরিয়ায় রাজনৈতিক উত্তেজনার জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভামঞ্চ দখল ও ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা। শনিবার (১৯ জুলাই) বিকেল ৩টায় কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার জনতা টাওয়ারের সামনে ট্রাকের উপর স্থাপিত এনসিপির সভামঞ্চে কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের পূর্বক্ষণে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, বিকেল পৌনে ৪টার দিকে বিএনপি নেতাকর্মীরা আচমকা সভামঞ্চ ভাঙচুর করে এবং সমাবেশস্থল নিজেদের নিয়ন্ত্রণে নেয়। পরিস্থিতির অবনতি হওয়ায় প্রায় আড়াই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টায় এনসিপির কেন্দ্রীয় নেতারা সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় চকরিয়া ত্যাগ করেন।
ঘটনার সূত্রপাত কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত এনসিপির জনসভায় সংগঠনের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর একটি বক্তব্যকে কেন্দ্র করে। বক্তব্যে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করে বলেন, “শিলং থেকে নাকি একজন গডফাদার এসেছে”—যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম প্রতিক্রিয়া সৃষ্টি করে।
চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক বলেন, “আমরা কোনো প্রোগ্রাম ব্যাহত করিনি, কোনো ভাঙচুরও করিনি। শুধু বক্তব্যের প্রতিবাদে জনতা জমায়েত হয়েছিল।” তিনি এনসিপিকে আহ্বান জানান ভবিষ্যতে শালীন রাজনৈতিক বক্তব্য প্রদানের জন্য।
অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, “ঘটনার পরপরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং কাউকে আটক করা হয়নি।”
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুর রহমান জানান, “চকরিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক। নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেছেন এবং কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কও স্বাভাবিক রয়েছে।”
Leave a Reply