ইসরাইলি বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ডস প্রধান হোসেইন সালামি নিহত
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের রাজধানী তেহরান এবং আশপাশের এলাকায় ইসরাইলের চালানো একাধিক বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) সকালে এই তথ্য নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং সংবাদ সংস্থাগুলো।
বার্তাসংস্থা রয়টার্স এবং সিএনএন পৃথকভাবে খবর প্রকাশ করে জানায়, ইসরাইলের রাতভর চলা এই বিমান হামলা মূলত পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হয়। এর মধ্যে আইআরজিসি-এর সদর দপ্তরেও হামলা হয়, যেখানে উপস্থিত ছিলেন জেনারেল সালামি।
হোসেইন সালামি ২০১৯ সাল থেকে বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইরানের পরমাণু কর্মসূচি, আঞ্চলিক কৌশল নির্ধারণ এবং মধ্যপ্রাচ্যের ইরাক, সিরিয়া ও লেবাননে প্রভাব বিস্তারে তিনি ছিলেন কেন্দ্রীয় এক চরিত্র।
এই ঘটনায় ইরানজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দেশটির সেনাবাহিনী ও আইআরজিসি সালামির মৃত্যু নিশ্চিত করে কড়া প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এই হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।
বিবিসি-র মতে, আইআরজিসি ইরানের একটি অতি-প্রভাবশালী বাহিনী, যার রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ দেশজুড়ে বিস্তৃত।
Leave a Reply