🇧🇩 🤝 🇯🇵
টোকিও, ৩০ মে ২০২৫:
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনীতি, অবকাঠামো, জলবায়ু পরিবর্তন ও মানবিক সহায়তা ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও চুক্তি স্বাক্ষরিত হয়।
বৈঠকের শুরুতেই ড. ইউনূসকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দেশের মধ্যে নিম্নোক্ত গুরুত্বপূর্ণ সমঝোতা স্বাক্ষরিত হয়েছে:
🔹 উন্নয়ন নীতি ঋণ ও জলবায়ু স্থিতিশীলতা জোরদারকরণে সহযোগিতা
🔹 জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ ডাবল রেললাইন প্রকল্প (পর্ব-১) – ৬৪১ মিলিয়ন ডলার
🔹 মোট অর্থনৈতিক সহায়তা – ১.০৬৩ বিলিয়ন ডলার
🔹 উন্নয়ন নীতিগত ঋণ – ৪১৮ মিলিয়ন ডলার
🔹 মানব সম্পদ উন্নয়ন ও বৃত্তি খাতে – ৪.২ মিলিয়ন ডলার
জাপানি প্রধানমন্ত্রী ইশিবা বাংলাদেশের বর্তমান সরকারের শান্তিপূর্ণ রূপান্তর ও সংস্কার প্রচেষ্টার প্রতি সম্পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন। ড. ইউনূস বাংলাদেশে জাপানের দীর্ঘদিনের সহায়তা ও আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উভয় নেতা সংস্কৃতি, শিক্ষাবিনিময়, বাণিজ্যিক সম্পর্ক এবং মানবিক সহায়তা, বিশেষত রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন। জাপান বাংলাদেশের পক্ষ থেকে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের আশ্রয় ও সহায়তার প্রশংসা করে এবং ভবিষ্যতেও সহযোগিতার প্রতিশ্রুতি দেয়।
বৈঠক শেষে ড. ইউনূস জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো)-এর সঙ্গেও একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন, যেখানে বাংলাদেশের প্রতি জাপানি বিনিয়োগ আকৃষ্ট করার বিষয়ে আলোচনা হবে।
উল্লেখ্য, ড. ইউনূস ৪ দিনের সরকারি সফরে গত ২৮ মে জাপানে পৌঁছান।
—
Leave a Reply