ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত, আকাশসীমা খুলে দিল ইসলামাবাদ
আন্তর্জাতিক ডেস্ক | ত্রিশাল হেল্প সেন্টার
তারিখ: ৬ মে ২০২৫
ভারতের সঙ্গে পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান। এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই পাকিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, সব ধরনের ফ্লাইটের জন্য আকাশসীমা খুলে দেওয়া হয়েছে এবং দেশের সব বিমানবন্দর স্বাভাবিকভাবে পরিচালনার জন্য প্রস্তুত।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় লেখেন, “পাকিস্তান ও ভারত অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান সবসময় প্রতিশ্রুতিবদ্ধ থেকেছে এবং সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে কখনো আপস করেনি।”
এই ঘোষণার কিছুক্ষণ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এক্সে এক বিবৃতিতে ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেন।
পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসহাক দার বলেন, “যুদ্ধ কোনো কিছুরই সমাধান নয়। আজ বিকাল সাড়ে চারটা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।”
উল্লেখ্য, গত ৭ মে ভারত আজাদ কাশ্মীরসহ পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে মিসাইল হামলা চালায়। পাল্টা জবাবে পাকিস্তানের বিমানবাহিনী ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করে। এরপর দুই দেশের সীমান্তে গোলাবর্ষণ ও ড্রোন হামলার পালা চলতে থাকে।
শুক্রবার মধ্যরাতে ভারত পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে হামলা চালায়, যার জবাবে ইসলামাবাদ শনিবার সকালে ভারতের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হাইপারসনিক মিসাইলসহ ব্যাপক হামলা চালায়।
বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক চাপ ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তার কারণে উভয় পক্ষ এখন আপাতত সংঘর্ষ বন্ধ রাখতে সম্মত হয়েছে। তবে এই যুদ্ধবিরতির কতটা দীর্ঘস্থায়ী হবে, তা এখনও অনিশ্চিত।
Leave a Reply