ভারত-পাকিস্তান সীমান্তে গোলাবর্ষণ, শ্রীনগরে বিস্ফোরণের শব্দ
আন্তর্জাতিক ডেস্ক | ত্রিশাল হেল্প সেন্টার | ৬ মে ২০২৫
পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় বিমান হামলার পর নিয়ন্ত্রণ রেখা (LoC) পেরিয়ে দুই দেশের সেনাদের মধ্যে গোলাবর্ষণের ঘটনা ঘটছে। এরইমধ্যে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এবং দ্য গার্ডিয়ান এই তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার মধ্যরাতে, ভারতের পক্ষ থেকে আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালানো হয়। এর জবাবে পাকিস্তানও সীমান্তে মর্টার হামলা ও গোলাবর্ষণ শুরু করে, যা এখনো চলছে বলে জানাচ্ছে নিরাপত্তা সূত্র।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তবর্তী নীলুম উপত্যকায় প্রচণ্ড গোলাবর্ষণের মুখে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন। স্থানীয় বাসিন্দা জাওয়াদ আহমেদ পারস বলেন,
“ভারতীয় বিমান হামলার পর থেকে প্রবল বিস্ফোরণের শব্দে পুরো উপত্যকা কেঁপে উঠছে। মানুষ ঘুমাতে পারছে না, জীবন নিয়ে সবাই শঙ্কায়। দুই দশক ধরে কেউ এমন ভয়াবহ গোলাবর্ষণ দেখেনি।”
সিএনএন জানায়, শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও সেটি কোন উৎস থেকে এসেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তীব্র নিরাপত্তা উদ্বেগে এলাকাজুড়ে চরম সতর্কাবস্থা জারি রয়েছে।
এদিকে প্রতিশোধমূলক হামলায়, পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে তারা ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলা চালিয়ে ধ্বংস করেছে। দুটি ভারতীয় বিমান ও একটি ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে তারা। পাকিস্তানের সরকারি টিভি চ্যানেল ও জিও নিউজ, সামা টিভি এ তথ্য জানিয়েছে।
এই উত্তেজনার প্রেক্ষিতে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। স্থানীয় সময় সকাল ১০টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।
বিশ্লেষকরা আশঙ্কা করছেন, সীমান্তে এই উত্তেজনা যেকোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, যা গোটা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে।
Leave a Reply