যুদ্ধের আশঙ্কা: আজাদ কাশ্মীরে সীমান্তে আটার মজুদ শুরু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৫ মে ২০২৫ | প্রিন্ট সংস্করণ
কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছেছে। দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে সম্ভাব্য যুদ্ধের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীর (এজেকে)।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় খাদ্য, বিশেষ করে আটার মজুদ বাড়ানো হচ্ছে। আজাদ কাশ্মীর সরকারের নির্দেশনায় খাদ্য বিভাগ সীমান্তবর্তী ১৩টি ঝুঁকিপূর্ণ আসনে অন্তত দুই মাসের জন্য আটা মজুদ নিশ্চিত করতে কাজ শুরু করেছে।
এই ১৩টি আসনের মধ্যে রয়েছে নীলাম উপত্যকা, ঝিলাম উপত্যকা, হাভেলি, পুঞ্চ, কোটলি ও ভিম্বার জেলা। বরফাবৃত পাহাড়ি ও যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায় সাধারণত সীমিত পরিমাণ খাদ্য সরবরাহ করা হলেও এবার পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় মজুদ বাড়ানো হয়েছে।
আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হকের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমে ইতোমধ্যে জরুরি প্রয়োজন মেটাতে ১০০ কোটি রুপির তহবিল গঠন করা হয়েছে।
খাদ্যমন্ত্রী চৌধুরী আকবর ইব্রাহিম বলেন, “সীমান্তে সংঘর্ষ ও গোলাবর্ষণের আশঙ্কায় নিরাপদ এলাকায় গুদাম সরিয়ে আনা হয়েছে। যাতে খাদ্য সরবরাহ ব্যাহত না হয়।”
খাদ্য বিভাগের পরিচালক আবদুল হামিদ কিয়ানি জানান, এ পর্যন্ত প্রায় ৭০ শতাংশ লক্ষ্য পূরণ হয়েছে। শনিবার মুজাফফরাবাদের উপকণ্ঠের একটি মিল থেকে ২৫০ টন আটা সীমান্তবর্তী নীলাম ও ঝিলাম উপত্যকায় পাঠানো হয়েছে।
সীমান্তবর্তী এলাকাগুলোতে আতঙ্ক বিরাজ করছে। যেকোনো সময় পরিস্থিতির অবনতি হতে পারে—এমন আশঙ্কায় স্থানীয়রা জরুরি খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী মজুদ করতে শুরু করেছেন।
Leave a Reply