বকেয়া শোধ করছে বাংলাদেশ, পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ করছে আদানি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশ: ০২ মে ২০২৫, ০৬:০২ পিএম
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে আদানি পাওয়ারের সঙ্গে হওয়া চুক্তির আওতায় বিদ্যুৎ বিলের বিশাল বকেয়া পরিশোধ করছে অন্তর্বর্তী সরকার। বর্তমানে বাংলাদেশ মাসিক বিলের পাশাপাশি পূর্বের বকেয়াও শোধ করছে। শুক্রবার আদানি পাওয়ারের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা দিলিপ ঝা-র বরাতে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।
দিলিপ ঝা বলেন, “বাংলাদেশ তার বকেয়ার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে। এখনো প্রায় ৯০০ মিলিয়ন ডলার বকেয়া রয়েছে, তবে আমরা আশাবাদী যে পুরো অর্থ পরিশোধ পেয়ে যাবো।”
উল্লেখ্য, ২০১৭ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ভারতের আদানি পাওয়ারের সঙ্গে এই চুক্তি করে। তবে অর্থনৈতিক চাপ, জ্বালানির মূল্য বৃদ্ধি এবং ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বকেয়া বাড়তে থাকে। এর সঙ্গে যুক্ত হয় গত বছর শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে ব্যাপক আন্দোলন, যা অর্থনৈতিক অচলাবস্থা তৈরি করে।
এই পরিস্থিতিতে গত বছর আদানি পাওয়ার বাংলাদেশে তাদের বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে এনেছিল। তবে এখন বাংলাদেশ আবার নিয়মিত বিল ও বকেয়া পরিশোধ করায় আদানি পুনরায় পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে।
দিলিপ ঝা আরও জানান, “আমরা বাংলাদেশের কাছ থেকে এখন যে অর্থ পাচ্ছি তা মাসিক বিলের চেয়েও বেশি। আমরা শুধু নিয়মিত বিল নয়, পুরনো বকেয়াও পরিশোধ পাওয়ার বিষয়ে আশাবাদী।”
আদানি পাওয়ারের হিসাবে, বাংলাদেশের কাছে তাদের মোট বিল ছিল ২ বিলিয়ন ডলার, যার মধ্যে প্রায় ১.২ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে।
Leave a Reply