কাশ্মীরে অভিযানে সেনাবাহিনী, সন্দেহভাজনের দুই বাড়ি ধ্বংস
আন্তর্জাতিক ডেস্ক | ২৫ এপ্রিল ২০২৫ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগামে বেসামরিক নাগরিকদের ওপর হামলার পর অভিযুক্তদের খুঁজে বের করতে ব্যাপক অভিযান শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। আজ শুক্রবার ভোরে অভিযানে দুই সন্দেহভাজনের বাড়ি বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ভারতীয় পুলিশের দাবি, হামলাকারীরা পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার (এলইটি) সদস্য। তারা হামলার পেছনে থাকা তিন সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করেছে। অভিযুক্তরা হলেন—ভারতীয় নাগরিক আদিল হুসেইন থোকার, পাকিস্তানি নাগরিক আলি ভাই ও হাশিম মুসা। পাশাপাশি আরও একজন ভারতীয় নাগরিক আশিফ শেখকেও খোঁজা হচ্ছে।
পরিবারের সদস্যদের ওপর নজরদারি
পুলিশ সূত্রে জানা যায়, হামলার পর আদিল থোকার ও আশিফ শেখের পরিবারের সদস্যদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আশিফ শেখের বোন ইয়াসমিনা বার্তা সংস্থা এএফপিকে জানান, বৃহস্পতিবার রাতে সেনাবাহিনী তাদের বাড়ি ঘেরাও করে। তিনি বলেন, “একজন সেনা সদস্য কাদামাটির প্রাচীর টপকে বাড়িতে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর এক বিশাল বিস্ফোরণে পুরো বাড়ি ধসে পড়ে।”
এক পুলিশ কর্মকর্তা জানান, আজ ভোরে একইভাবে আদিল থোকারের পারিবারিক বাড়িও উড়িয়ে দেওয়া হয়।
সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে অভিযান
পাহেলগামে ভয়াবহ বন্দুকধারীর হামলায় ২৬ জনের মৃত্যু হয়। ভারতের পক্ষ থেকে এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে।
এর মধ্যেই ভারতীয় সেনাবাহিনীর এই তীব্র প্রতিক্রিয়া কাশ্মীর উপত্যকায় নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
#কাশ্মীর #ভারত_পাকিস্তান #লস্করইতৈয়বা #আন্তর্জাতিক_সংবাদ #সীমান্তউত্তেজনা
—
Leave a Reply