ইসরাইলে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক | ২৪ এপ্রিল ২০২৫
তীব্র তাপপ্রবাহ ও প্রবল বাতাসের কারণে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরাইলের একাধিক শহর। ইতোমধ্যে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেন ও যানবাহন চলাচল।
মঙ্গলবার (২৩ এপ্রিল) মধ্য ইসরাইলের মোশাভ তারুম এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। দ্রুতই তা ছড়িয়ে পড়ে বেইত শেমেশ, এশতাওল, বেইত মেইর, ও মেসিলাত জিওন শহরে। বিপজ্জনক পরিস্থিতিতে লোকজনকে ঘরবাড়ি ও যানবাহন ফেলে পালাতে দেখা গেছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি অ্যাডহক কমান্ড সেন্টারে জরুরি বৈঠকে বসেন। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ১১০টি অগ্নিনির্বাপক ইউনিট, ১১টি অগ্নিনির্বাপক বিমান ও একটি হেলিকপ্টার। ফায়ার সার্ভিসের সঙ্গে ইসরাইলি সেনাবাহিনী ও উদ্ধারকারীরাও অংশ নিচ্ছে।
ফায়ার অ্যান্ড রেসকিউ কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নেভাতে গিয়ে সাতজন দমকলকর্মীসহ মোট ৯ জন আহত হয়েছেন। জেরুজালেম থেকে প্রায় ২৫ কিমি দূরে দাবানলের কেন্দ্রস্থল হলেও, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো এলাকার আকাশ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, রুট ১ ও রুট ৬-এর কিছু অংশ বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি পর্বতারোহীদের নিরাপদে সরিয়ে আনার জন্য অনুসন্ধান চলছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, রেহোভোটের আশপাশে ধোঁয়ায় ঢেকে গেছে মহাসড়ক।
প্রসঙ্গত, দীর্ঘ ও শুষ্ক গ্রীষ্মকাল ইসরাইলে প্রায়শই দাবানলের জন্ম দেয়। তবে এবারের আগুন ছড়িয়ে পড়েছে আরও ভয়াবহভাবে, যা নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে দেশটির প্রশাসন।
Leave a Reply